পাকিস্তানে অবতরণ করল ৬ মার্কিন সামরিক বিমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পিএম
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত নূর খান বিমানঘাঁটিতে অবতরণ করেছে অন্তত ৬টি মার্কিন সামরিক বিমান। এসব বিমানে যোগাযোগ সরঞ্জাম, সহায়ক যানবাহন এবং অতিরিক্ত প্রয়োজনীয় সামগ্রী রয়েছে বলে জানা গেছে।
আল জাজিরায় সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নূর খান বিমানঘাঁটিটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগত ভিআইপি অতিথিদের জন্য প্রধান প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হয়। ধারণা করা হচ্ছে, মার্কিন প্রতিনিধিদলের সম্ভাব্য সফরের আগেই এসব প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে।
জানা গেছে, এর মধ্যে অন্তত দুটি বিমান আজ অবতরণ করেছে, আর বাকি চারটি গত ৪৮ ঘণ্টার মধ্যে সেখানে পৌঁছেছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করতে আজ পাকিস্তানে যাচ্ছে একটি মার্কিন প্রতিনিধিদল। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে তারা সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বিষয়টি বিবিসিকে নিশ্চিত করে বলেন, গতবারের মতো এবারও মার্কিন প্রতিনিধিদলে রয়েছেন ট্রাম্পের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নিলে আলোচনায় অংশ নেবে না তেহরান।
সোমবার মার্কিন নৌ-বাহিনীর হাতে ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দের ঘটনার পর ইসলামাবাদের বৈঠকে ইরানের অংশগ্রহণের বিষয়টি আরও অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।



