যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনার পরিকল্পনা নেই: ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পিএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই সোমবার (২০ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।
তিনি বলেন, “এই মুহূর্তে পরবর্তী কোনো আলোচনার সময়, স্থান বা কাঠামো নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই।” সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই তেহরান এ অবস্থান স্পষ্ট করল।
অন্যদিকে ইরানের প্রস্তাব নাকচ করলেও আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানে যাচ্ছে। দলটির নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইতোমধ্যে ইসলামাবাদে অন্তত দুটি মার্কিন সামরিক বিমান অবতরণ করেছে, যাতে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ছিল বলে ধারণা করা হচ্ছে।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তার প্রতিনিধিরা সোমবার সন্ধ্যায় ইসলামাবাদ পৌঁছাবে। পরে হোয়াইট হাউস নিশ্চিত করে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে এই প্রতিনিধিদলে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারও থাকবেন। তারা আগের দফার আলোচনাতেও অংশ নিয়েছিলেন।
ইরান পূর্বে জানিয়েছিল, নির্দিষ্ট ‘লাল রেখা’ মানলে তারা আলোচনায় বসতে পারে। তবে শর্তগুলো প্রকাশ করা হয়নি। তেহরান বলছে, যুক্তরাষ্ট্রকে এসব সীমা সম্মানের সঙ্গে মানতে হবে।



