ভারতে উগ্রবাদী হিন্দু সেই বাংলাদেশি ব্লগার সানিউর রহমান গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:০৬ পিএম
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের তীর্থ শহর ঋষিকেশে বাংলাদেশি নাগরিক সানিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সাধুর পরিচয় নিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশটিতে বসবাস করছিলেন।
মুম্বাইভিত্তিক সংবাদ মাধ্যম প্রাতকাল ও লক্ষ্ণৌভিত্তিক পঞ্চজন জানিয়েছে, লক্ষ্মণ ঝুলা এলাকার পুলিশ তাকে আটক করে। তিনি নিজেকে ‘সত্যনিষ্ঠা আর্য’ বলে পরিচয় দিতেন এবং ধর্মীয় বক্তৃতার মাধ্যমে ভক্তদের প্রভাবিত করতেন। রাজ্য সরকারের বিশেষ অভিযান ‘অপারেশন কালনামী’-এর অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়।
তদন্তে জানা গেছে, গ্রেফতার ব্যক্তির আসল নাম সানিউর রহমান, ওরফে সত্যসাধু। তিনি বাংলাদেশের ফরিদপুর জেলার বাসিন্দা। ২০১৬ সালে নেপাল হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং বৈধ কাগজপত্র ছাড়াই সেখানে বসবাস শুরু করেন। পরিচয় গোপন করতে তিনি নাম বদলে ‘সত্যনিষ্ঠা আর্য’ রাখেন এবং একটি ভুয়া আধার কার্ড তৈরি করেন।
তিনি দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও দার্শনিক বক্তৃতা দিতেন। ঋষিকেশ ও লক্ষ্মণ ঝুলা এলাকায় তার নিয়মিত যাতায়াত ছিল। সম্প্রতি লক্ষ্মণ ঝুলার একটি আশ্রমে নিয়মিত পুলিশ চেকিংয়ের সময় তাকে সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদের পর আটক করা হয় এবং তার কাছ থেকে বাংলাদেশি পাসপোর্টসহ আপত্তিকর নথি উদ্ধার করা হয়।
পুলিশ ভারতীয় দণ্ডবিধি ও বিদেশি আইন ২০২৫-এর প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেছে। তার কার্যক্রম ও যোগাযোগের বিস্তার জানতে তদন্ত চলছে।
উল্লেখ্য, সানিউর রহমান ২০১৩ সালের শাহবাগ আন্দোলনে সক্রিয় একজন ব্লগার ছিলেন। তবে ২০১৬ সালে ভারতে গিয়ে পরিচয় বদলে উগ্র হিন্দুত্ববাদী হিসেবে আবির্ভূত হন। গেল বছর বড়দিনে স্থানীয় একটি চার্চে গিয়ে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের উৎসবে বাধা দিয়ে আলোচনায় আসেন।



