শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ এএম
হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। তবে এ ক্ষেত্রে জাহাজগুলোকে দুটি শর্ত মেনে চলতে হবে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌবাহিনী।
আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, ইরান ও লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রণালিটি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে কোনো সামরিক জাহাজ এই জলপথ ব্যবহার করতে পারবে না। শর্ত অনুযায়ী, বাণিজ্যিক জাহাজগুলোকে পূর্বনির্ধারিত রুট ব্যবহার করতে হবে এবং আইআরজিসি নৌবাহিনীর অনুমতি নিয়ে চলাচল করতে হবে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরু করার পর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর অন্তত ১৯টি বেসামরিক জাহাজে হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র যেন জোরপূর্বক প্রণালি উন্মুক্ত না করতে পারে, সেজন্য ইরান সেখানে নৌ-মাইন স্থাপন করে।
অবশেষে গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর প্রণালি খোলার সম্ভাবনা দেখা দেয়। তবে লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়ায় তা বিলম্বিত হয়। শেষপর্যন্ত বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে ইসরাইল ও লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি প্রণালিটি বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেন।
সূত্র: আলজাজিরা



