Logo
Logo
×

আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন আধুনিক গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১২ পিএম

পারস্য উপসাগরে মার্কিন আধুনিক গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত

পারস্য উপসাগরে নিজেদের অন্যতম দামি ও আধুনিক গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে মার্কিন নৌবাহিনী। এমকিউ-৪সি ট্রাইটন মডেলের এ ড্রোনটি গত ৯ এপ্রিল বিধ্বস্ত হয় বলে মঙ্গলবার নৌবাহিনীর সেফটি কমান্ডের প্রতিবেদনে জানানো হয়েছে। খবর সিএনএন।

তবে নিরাপত্তার কারণে ড্রোনটি ঠিক কোথায় বিধ্বস্ত হয়েছে তা প্রকাশ করা হয়নি। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার ২৪ জানিয়েছে, ওই দিন ইতালির সিগোনেলা নৌঘাঁটি থেকে উড্ডয়ন করা ড্রোনটি পারস্য উপসাগরের ওপর দিয়ে ওড়ার সময় হঠাৎ রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

তথ্য অনুযায়ী, ড্রোনটি ৫০ হাজার ফুট উচ্চতা থেকে দ্রুত ৯ হাজার ফুটে নেমে আসে এবং একপর্যায়ে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রায় ৭০ মিনিট পর এটি জরুরি সংকেত পাঠায় এবং পরে রাডার থেকে হারিয়ে যায়।

মার্কিন নৌবাহিনী ড্রোনটি বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করলেও এর কারণ সম্পর্কে কিছু জানায়নি।

ড্রোনটির নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রামান এটিকে বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা ও নজরদারি মনুষ্যবিহীন বিমান হিসেবে দাবি করে। জেট ইঞ্জিনচালিত এই ড্রোন টানা ২৪ ঘণ্টার বেশি আকাশে উড়তে সক্ষম। এর পাল্লা ৮ হাজার ৫০০ মাইল।

এটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কাছে থাকা সবচেয়ে বিরল বিমানগুলোর একটি। এ পর্যন্ত মাত্র ২০টি তৈরি হয়েছে। প্রতিটি ড্রোনের মূল্য প্রায় ২৪ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা), যা একটি এফ-৩৫সি স্টিলথ যুদ্ধবিমানের দামের দ্বিগুণেরও বেশি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন