Logo
Logo
×

আন্তর্জাতিক

মার্কিন অবরোধের ফলে ইরানের নতুন কৌশল, যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পিএম

মার্কিন অবরোধের ফলে ইরানের নতুন কৌশল, যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশিত অবরোধ তুলে নিয়ে যুক্তরাষ্ট্রকে পুনরায় আলোচনায় ফেরার জন্য চাপ দিচ্ছে সৌদি আরব। আরব কর্মকর্তাদের মতে, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার মার্কিন পদক্ষেপ ইরানকে আরও ক্ষুব্ধ করে তুলতে পারে, যার ফলে অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথেও অস্থিতিশীলতা দেখা দিতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দুর্বল অর্থনীতির ওপর চাপ বাড়াতেই মূলত এই অবরোধ কার্যকর করা হয়েছে। তবে সৌদি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এর জবাবে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালি বন্ধ করে দিতে পারে, যা লোহিত সাগরের প্রবেশপথ এবং সৌদি তেল রপ্তানির অন্যতম ভরসা।

যুদ্ধের শুরুতে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বিশ্ববাজারে দৈনিক প্রায় ১ কোটি ৩০ লাখ ব্যারেল তেল রপ্তানি আটকে যায় এবং দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে যায়। মার্কিন প্রচেষ্টা সত্ত্বেও এই পথ পুনরায় উন্মুক্ত করা সম্ভব হয়নি। সোমবার থেকে ইরানি বন্দরগুলোর ওপর নতুন করে অবরোধ কার্যকর হয়। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে চান জ্বালানির অবাধ প্রবাহ নিশ্চিত করতে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকুক।

সৌদি আরব সম্প্রতি মরুভূমি পেরিয়ে পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগর দিয়ে দৈনিক প্রায় ৭০ লাখ ব্যারেল তেল রপ্তানি শুরু করেছে। তবে বাব এল-মান্দেব প্রণালি বন্ধ হয়ে গেলে এই সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে পড়বে। ইয়েমেনের উপকূলীয় এলাকায় ইরানের মিত্র হুথি বিদ্রোহীরা নিয়ন্ত্রণে রয়েছে, যারা গাজা যুদ্ধের সময় এই নৌপথে বড় ধরনের বিঘ্ন ঘটিয়েছিল। বিশ্লেষকদের মতে, ইরান চাইলে হুতিদের মাধ্যমেই আবারও এই পথ বন্ধ করতে পারে।

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, অবরোধের কারণে ইরান লোহিত সাগরের প্রবেশদ্বারও বন্ধ করে দিতে পারে। উপসাগরীয় দেশগুলো চায় না যুদ্ধ শেষে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে থাক। তবে সৌদি আরবসহ অনেক দেশ এখন আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পক্ষে জোর দিচ্ছে।

বাব এল-মান্দেব প্রণালি ইয়েমেন ও আফ্রিকার হর্ন অঞ্চলের মাঝখানে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ নৌপথ, যা লোহিত সাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্যিক চলাচলের জন্য এটি অন্যতম প্রধান পথ। গাজা যুদ্ধের সময় হুথিদের হামলায় এখানকার চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল।

সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, তারা হুথিদের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছিলেন যে সৌদি জাহাজে হামলা করা হবে না। তবে বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে, ইরান যদি তার তেল রপ্তানি বাধাগ্রস্ত হতে দেখে, তবে হুতিদের মাধ্যমে পাল্টা ব্যবস্থা হিসেবে ইয়ানবু টার্মিনালের রপ্তানি বন্ধ করে দিতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন