লেবাননকেও যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত করার আহ্বান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১২:০৫ পিএম
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। তিনি বলেন, এই যুদ্ধবিরতি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও এখনো ভঙ্গুর শান্তি, যা স্থায়ী চুক্তিতে রূপ নিতে হবে।
ব্রিসবেনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলবানিজ বলেন, “লেবাননে যা ঘটছে তা নিয়ে অনেক অস্ট্রেলিয়ান উদ্বিগ্ন। এর প্রভাব শুধু ওই দেশেই নয়, বিশ্বব্যাপী পড়ছে।”
তবে অস্ট্রেলিয়া সরকারের এ প্রতিক্রিয়া নিয়ে সমালোচনা করেছেন সাংবাদিক ও এট্টে মিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জন ফ্রান। তিনি বলেন, লেবাননের বেসামরিক নাগরিকদের ওপর সাম্প্রতিক হামলা নিয়ে সরকারের নির্লিপ্ত প্রতিক্রিয়া দুঃখজনক হলেও অপ্রত্যাশিত নয়। তার প্রশ্ন, “যদি এই ঘটনা পশ্চিমা দেশগুলোর মানুষের সঙ্গে ঘটত, তাহলে কি আমরা শুধু জ্বালানির দাম নিয়ে কথা বলতাম, নাকি স্পষ্টভাবে বলতাম যে এটি নির্মম ও অমানবিক?”
এর আগে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং লেবাননের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তবে ইসরাইলের হামলার সরাসরি নিন্দা জানাননি। একইভাবে প্রধানমন্ত্রী আলবানিজও যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানালেও বিস্তারিত কিছু বলেননি।
জন ফ্রান বলেন, অস্ট্রেলিয়ার রাজনৈতিক নেতা ও গণমাধ্যমের এই স্পষ্ট উদ্বেগহীনতা একজন লেবানন-অস্ট্রেলিয়ান হিসেবে তার জন্য অত্যন্ত কষ্টদায়ক। তিনি মনে করেন, লেবাননকে যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত করার দাবি জানানোই সরকারের ন্যূনতম দায়িত্ব।



