যুদ্ধবিরতির পরই ইরানে নতুন হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১১:৫২ এএম
ছবি : সংগৃহীত
যুদ্ধবিরতির একদিন না যেতেই ইরানে নতুন করে হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানিয়েছেন, একটি ‘বাস্তব চুক্তি’ না হওয়া পর্যন্ত আমেরিকান সামরিক বাহিনী ইরানের কাছাকাছি মোতায়েন থাকবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ট্রাম্প লিখেছেন, “সব মার্কিন জাহাজ, বিমান ও সামরিক কর্মী—অতিরিক্ত গোলাবারুদ, অস্ত্রশস্ত্র এবং ইতোমধ্যে দুর্বল হয়ে পড়া শত্রুকে প্রাণঘাতীভাবে মোকাবিলা ও ধ্বংস করার জন্য যা যা প্রয়োজন—সবকিছুই ইরানের ভেতরে ও আশেপাশে অবস্থান করবে, যতক্ষণ না একটি প্রকৃত চুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়।”
তিনি আরও সতর্ক করে বলেন, যদি কোনো কারণে চুক্তি না হয়, তাহলে ‘গুলি শুরু হবে’—এবং তা হবে আগের যেকোনো সময়ের চেয়ে বড় ও শক্তিশালী।
ট্রাম্প দাবি করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র না রাখা এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে এবং পরবর্তী অভিযানের অপেক্ষায় আছে।
সূত্র: মিডল ইস্ট আই



