Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনে ভাড়া ফ্রি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পিএম

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনে ভাড়া ফ্রি

ইরানের বিরুদ্ধে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তৈরি হয়েছে জ্বালানি সংকট। যার বড় প্রভাব পড়েছে পাকিস্তানে। দেশটিতে গতকাল রাতে ঘোষণা দিয়ে কয়েক ঘণ্টার মধ্যে জ্বালানির দাম প্রায় দ্বিগুণ করা হয়েছে। যার ব্যাপক প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ার শঙ্কা দেখা দিয়েছে।

এমন পরিস্থিতিতে রাজধানী ইসলামাবাদে আগামী ৩০দিনের জন্য সব গণপরিবহনের ভাড়া ফ্রি করে দিয়েছে পাকিস্তান সরকার।

শুক্রবার (০৩ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ ব্যাপারে বলেছেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশনায়, আগামী ৩০ দিনের জন্য ইসলামাবাদের সব গণপরিবহনের ভাড়া ফ্রি থাকবে। যা কাল শনিবার থেকে কার্যকর হবে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় বহন করবে।

পাকিস্তানে জ্বালানির দাম বৃদ্ধি

এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক জ্বালানির নতুন দাম ঘোষণা করেন। এতে দেখা গেছে পেট্রোলের দাম বেড়েছে প্রায় ৪৩ শতাংশ। আর ডিজেলের দাম বেড়েছে প্রায় ৫৫ শতাংশ।  

পাক জ্বালানিমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে বলেন, আন্তর্জাতিক বাজার অনুযায়ী আজকের (বৃহস্পতিবার) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাম বাড়ায় এখন থেকে প্রতিলিটার পেট্রোল ৪৫৮ দশমিক ৪০ রুপিতে (১ দশমিক ৬৪ ডলার) বিক্রি হবে। যা শুক্রবার থেকেই কার্যকর।

অপরদিকে ডিজেলের ক্ষেত্রে, যেটি আমাদের শ্রমিক এবং গণপরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই ডিজলের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৫২০ দশমিক ৩৫ রুপি (১ দশমিক ৮৬ ডলার)।

পাকিস্তানের মন্ত্রী বলেছেন, এ মুহূর্তে ইরানে যুদ্ধ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা তারা দেখছেন না। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেছেন, সরকার তার সর্বোচ্চ চেষ্টা করেছে দাম আগের জায়গায় রাখতে। কিন্তু যেহেতু যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তাই তারা দাম বাড়াতে বাধ্য হয়েছেন।

সূত্র: আলজাজিরা, রেডিও পাকিস্তান


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন