মধ্যপ্রাচ্যে সাড়ে তিন হাজার মেরিন মোতায়েন করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১১:২৬ এএম
ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে সাড়ে তিন হাজার মেরিন সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং নির্দেশ পেলেই অভিযান শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছে মার্কিন সেনা কর্তৃপক্ষ।
মার্কিন সেন্ট্রাল কমান্ড শনিবার (২৮ মার্চ) জানায়, ইউএসএস ত্রিপোলি উভচর আক্রমণকারী যুদ্ধজাহাজে করে এসব সেনা আনা হয়েছে। শুক্রবার যুদ্ধজাহাজটি ‘অপারেশন এরিয়াতে’ পৌঁছায়। এর সঙ্গে পরিবহন বিমান, কৌশলগত আক্রমণকারী বিমান ও যুদ্ধবিমানও এসেছে, যা অতি স্বল্প সময়ে যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ব্যাপক সেনা সমাবেশ ঘটিয়েছে। বর্তমানে মেরিনসহ প্রায় ৫০ হাজার সেনা এ অঞ্চলে অবস্থান করছে। এছাড়া ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের আরও এক হাজার সেনা আনার পরিকল্পনাও ছিল।
এদিকে ধারণা করা হচ্ছে, আকাশ ও নৌপথের পাশাপাশি এবার স্থল হামলার প্রস্তুতিও নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজ হলো প্রস্তুতি নেওয়া, যাতে প্রেসিডেন্ট সর্বোচ্চ সুবিধা নিতে পারেন। পরিকল্পনা করা মানেই স্থল হামলার সিদ্ধান্ত হয়ে গেছে—এমন নয়।



