পারমাণবিক অস্ত্রই সুরক্ষা: যুক্তরাষ্ট্র-ইসরায়েল আগ্রাসনের প্রেক্ষিতে কিমের মন্তব্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৫:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের ইঙ্গিত দিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, পারমাণবিক অস্ত্রই প্রকৃত সুরক্ষাকবচ। মঙ্গলবার উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেওয়া ভাষণে তিনি সরাসরি ইরানের নাম উল্লেখ না করলেও বর্তমান পরিস্থিতি বলতে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতকেই ইঙ্গিত করেছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
সিএনএন ও এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, কিম জং উন ওয়াশিংটনের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদ ও আগ্রাসনের’ অভিযোগ তোলেন এবং বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রমাণ করে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ধারণের সিদ্ধান্ত সঠিক ছিল।
তিনি বলেন, “বর্তমান পরিস্থিতি পরিষ্কারভাবে দেখিয়ে দেয়, পারমাণবিক অস্ত্র ত্যাগের জন্য যুক্তরাষ্ট্রের চাপ ও ‘মিষ্টি প্রলোভন’ প্রত্যাখ্যান করে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি।” কিম আরও জানান, উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা এখন ‘অপরিবর্তনীয়’।
উল্লেখ্য, সম্প্রতি উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে ১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, মার্চের মাঝামাঝিতে সুনান এলাকা থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। জাপানের এনএইচকে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো সমুদ্রে পতিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনার পর দক্ষিণ কোরিয়া নজরদারি ও সতর্কতা জোরদার করেছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে তথ্য ভাগাভাগি করে প্রস্তুতিমূলক অবস্থান বজায় রেখেছে।



