হরমুজ প্রণালিতে সংকট, তেল উৎপাদন কমালো কুয়েত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৩:০৮ পিএম
ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালিতে নিরাপত্তা সংকটের কারণে তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নিয়েছে কুয়েত। মঙ্গলবার এক বিবৃতিতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) জানায়, কৌশলগত জলপথে জাহাজ চলাচলে ঝুঁকি বাড়ায় সাময়িকভাবে উৎপাদন কমানো হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আগের মতো উৎপাদন শুরু হবে।
সরকারি সূত্রে জানা গেছে, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই উৎপাদন হ্রাস শুরু হয়েছে। ১০ মার্চ কুয়েত মাত্র ৫ লাখ ব্যারেল তেল উত্তোলন করেছে, যেখানে স্বাভাবিক সময়ে দৈনিক উৎপাদন ৩০ লাখ ব্যারেলের বেশি।
হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাসবাহী জাহাজ এই পথ ব্যবহার করে। তবে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ প্রণালীতে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে এবং একাধিক তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে।
এদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের সমর্থনকারী দেশগুলোকে ‘শত্রুভাবাপন্ন’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তেহরান সতর্ক করেছে, যতদিন যুদ্ধ চলবে ততদিন এসব দেশের জাহাজের ওপর হামলা অব্যাহত থাকতে পারে।



