ইরানের সঙ্গে যুদ্ধে অন্তত ১৬টি বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৩:১৮ পিএম
ছবি : সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী উল্লেখযোগ্য বিমান ক্ষতির মুখে পড়েছে। ব্লুমবার্গ নিউজের শুক্রবার (২০ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত অন্তত ১৬টি মার্কিন সামরিক বিমান ধ্বংস বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর মধ্যে শত্রুপক্ষের হামলায় ১০টি রিপার স্ট্রাইক ড্রোন বিধ্বস্ত হয়েছে এবং ছয়টি বিমান হামলা বা দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি হয়েছে দুর্ঘটনায়—কুয়েতে ‘ফ্রেন্ডলি ফায়ার’-এ তিনটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়। এছাড়া একটি কেসি-১৩৫ ট্যাংকার বিমান জ্বালানি রিফুয়েলিংয়ের সময় ধ্বংস হয়েছে।
সৌদি আরবের একটি বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও পাঁচটি কেসি-১৩৫ ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা মূলত চালকবিহীন রিপার ড্রোনগুলোকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এর মধ্যে নয়টি আকাশে ধ্বংস হয়, একটি জর্ডানের বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয় এবং দুটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়।
সবশেষে ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়, যা জরুরি অবতরণ করে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন ঘাঁটিতে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ক্ষয়ক্ষতি প্রমাণ করছে যে যুদ্ধক্ষেত্রে শুধু শত্রুপক্ষের হামলাই নয়, বরং উচ্চমাত্রার সামরিক অভিযানের সময় দুর্ঘটনাও বড় ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে। চলমান সংঘাত বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপরও বড় প্রভাব ফেলছে।



