Logo
Logo
×

আন্তর্জাতিক

বাহরাইনে ঈদের তারিখ ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১০:১৭ পিএম

বাহরাইনে ঈদের তারিখ ঘোষণা

পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা দিয়েছে বাহরাইন। আগামী ২০ মার্চ ঈদ উদযাপন করবে দেশটি।

রোববার (১৫ মার্চ) নিউজ অব বাহরাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন বাহরাইন অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সহসভাপতি ও অ্যাপ্লাইড ফিজিক্সের অধ্যাপক ড. ওয়াহিব আল নাসের।

তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য সংশ্লিষ্ট কমিটিগুলো ১৮ মার্চ (বুধবার) সন্ধ্যায় বৈঠকে বসবে। ওই দিনটি রমজানের ২৯তম দিন। ইসলামী রীতি অনুযায়ী নতুন চাঁদ দেখার মাধ্যমে পরবর্তী মাসের সূচনা চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়।

ড. নাসের বলেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে শাওয়ালের চাঁদের জন্ম বা কনজাংশন ঘটবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) ভোর ৪টা ৫ মিনিটে (মক্কা সময়)। ফলে ১৮ মার্চ সূর্যাস্তের সময় আকাশে নতুন চাঁদ উপস্থিত থাকবে না। এ কারণে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি।

তিনি বলেন, বৃহস্পতিবার সূর্যাস্তের পর বাহরাইনের আকাশে নতুন চাঁদ স্পষ্টভাবে দেখা যেতে পারে। তখন চাঁদ পশ্চিম দিগন্তে প্রায় ৬ ডিগ্রি উচ্চতায় থাকবে এবং প্রায় ৩০ মিনিট দৃশ্যমান থাকবে, যা জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণের জন্য অনুকূল।

রমজানের শুরুতে পূর্ণিমার সময় চাঁদের অবস্থান পর্যবেক্ষণ করেও ধারণা করা হয়েছিল যে, মাসটি ৩০ দিন পর্যন্ত যেতে পারে বলে উল্লেখ করেন তিনি। গত ৩ মার্চ সূর্যাস্তের সময় চাঁদ দিগন্তের মাত্র অর্ধ ডিগ্রি ওপরে অবস্থান করছিল।

ড. নাসের আরও জানান, চলতি সপ্তাহে বাহরাইনে রোজার সময়কাল প্রায় ১১ ঘণ্টা ২৪ মিনিট।

এর আগে আগামী ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল।

কাউন্সিলের এক বিবৃতিতে জানানো হয়, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য ও চাঁদ দেখার সঙ্গে সংশ্লিষ্ট বিশেষায়িত বৈজ্ঞানিক সংস্থাগুলোর পর্যবেক্ষণ পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এক বিবৃতিতে কাউন্সিল জানায়, অস্ট্রেলিয়া ও বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন বাঁকা চাঁদ (হিলাল) পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য বিশ্লেষণের ভিত্তিতে দেখা গেছে যে, ২০২৬ সালের বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র রমজান মাসের শেষ দিন হবে। সে অনুযায়ী শুক্রবার (২০ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

এবার পবিত্র রমজান মাস পূর্ণ ৩০ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী বাংলাদেশে আগামী শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন