Logo
Logo
×

আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই চীনে ১ কোটি ১৭ লাখ ব্যারেল তেল পাঠিয়েছে ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৩:৪৫ পিএম

যুদ্ধের মধ্যেই চীনে ১ কোটি ১৭ লাখ ব্যারেল তেল পাঠিয়েছে ইরান

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে অন্তত ১ কোটি ১৭ লাখ ব্যারেল অপরিশোধিত তেল চীনে পাঠিয়েছে। ট্যাংকার ট্র্যাকারসের তথ্য অনুযায়ী, রপ্তানি কমে গেলেও চীন কৌশলগত মজুত বাড়ানোর অংশ হিসেবে ইরানি তেল আমদানি অব্যাহত রেখেছে। বুধবার (১১ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি এ তথ্য প্রকাশ করেছে।

ট্যাংকার ট্র্যাকারসের সহপ্রতিষ্ঠাতা সামির মাদানি জানান, যুদ্ধ শুরুর পর থেকে ইরান থেকে যেসব জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে, তার সবই চীনের উদ্দেশে গেছে। স্যাটেলাইট চিত্র ব্যবহার করে এসব জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। অনেক জাহাজ হামলার আশঙ্কায় ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে দিলেও সেগুলো শনাক্ত করা সম্ভব হয়েছে।

জাহাজ চলাচল তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান কেপলারের হিসাবে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ১ কোটি ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল হরমুজ প্রণালি দিয়ে গেছে। কেপলারের বিশ্লেষক নিহয়ে খিন সোয়ে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনই ইরানি তেলের প্রধান ক্রেতা। তবে বর্তমান পরিস্থিতিতে এসব জাহাজের চূড়ান্ত গন্তব্য নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করা জাহাজগুলোকে অত্যন্ত সাবধান থাকতে হবে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, যুদ্ধ শুরু হওয়ার পর ইরান থেকে ছয়টি ট্যাংকার যাত্রা করেছে, যার মধ্যে তিনটি ইরানের পতাকাবাহী।

ট্যাংকার ট্র্যাকারসের তথ্যে আরও জানা যায়, একটি ইরানি জাহাজে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল লোড করা হয়েছে, যা গত পাঁচ বছরে মাত্র পঞ্চমবারের মতো ঘটল। বিশ্লেষকদের মতে, জাস্কে নতুন কার্যক্রম শুরু হওয়া ইঙ্গিত দেয় যে তেহরান হরমুজ প্রণালির বাইরে বিকল্প রুট খুঁজছে, যদিও এর কার্যকারিতা এখনো অনিশ্চিত।

উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় পাঁচ ভাগের এক ভাগ হয়। কিন্তু যুদ্ধ শুরুর পর থেকে এখানে জাহাজ চলাচল প্রায় থমকে গেছে। দুই সপ্তাহেরও কম সময়ে অন্তত ১০টি জাহাজ হামলার শিকার হয়েছে এবং এতে সাতজন নাবিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন