ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণে মার্কিন যুদ্ধবিমান, দাবি যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, মার্কিন যুদ্ধবিমান বর্তমানে ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণ করছে। তিনি জানান, মার্কিন ও ইসরাইলি বিমান ইরানের আকাশে উড়ছে এবং তেহরানের নেতারা তা প্রত্যক্ষ করছেন। শাফাক নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযানের ব্রিফিংয়ে হেগসেথ বলেন, বি-২ ও বি-১ বোমারু বিমান ইরানের আকাশে অভিযান চালাচ্ছে। এসব অভিযান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন নিয়ে পরিচালিত হচ্ছে। তার দাবি, মাত্র চার দিনের মধ্যেই ইরানের সামরিক সক্ষমতার বড় অংশ ধ্বংস করা শুরু হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ইরানে চালানো হামলার তীব্রতা ২০০৩ সালে ইরাকে পরিচালিত অভিযানের চেয়ে সাত গুণ বেশি।
এদিকে হেগসেথ জানান, বুধবার শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে একটি মার্কিন সাবমেরিন ইরানের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ সংসদে জানিয়েছেন, জাহাজটিতে ১৮০ জন আরোহী ছিলেন। জাহাজটির নাম আইআরআইএনএস ডেনা বলে উল্লেখ করা হয়েছে।



