সংঘাতের পর ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৫:৩৭ এএম
ছবি : সংগৃহীত
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে। পাল্টাপাল্টি হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে, ইরান ও ইসরায়েলের পাশাপাশি আরব দেশগুলোও উত্তেজনায় জর্জরিত। তবে এবার পরিস্থিতি শান্ত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আলোচনায় রাজি হয়েছেন। দ্য আটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নতুন নেতৃত্ব তার প্রশাসনের সঙ্গে আলোচনা করতে চায় এবং তিনি তাদের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন।
ম্যাগাজিনটির প্রতিবেদনে ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, “তারা কথা বলতে চায়, এবং আমিও কথা বলতে রাজি হয়েছি, তাই আমি তাদের সঙ্গে কথা বলব।”
তিনি আরও বলেন, ইরানের পক্ষ থেকে এই পদক্ষেপ আরও আগেই নেওয়া উচিত ছিল। সহজ ও বাস্তবসম্মত সমাধান তারা অনেক দেরিতে গ্রহণ করেছে।
তবে আলোচনার সময়সূচি নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প কোনো মন্তব্য করেননি।
সূত্র: আল জাজিরা



