ইরানে বালিকা বিদ্যালয়ে হামলা, নিহত বেড়ে ২৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৭ পিএম
ছবি : সংগৃহীত
দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। দেশটির বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। শনিবার দুপুরে এ খবর প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।
এর আগে প্রাথমিক প্রতিবেদনে নিহতের সংখ্যা পাঁচজন বলা হলেও পরবর্তীতে হালনাগাদ তথ্যে জানানো হয়, নিহতদের অধিকাংশই শিক্ষার্থী।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, হামলার ফলে বিদ্যালয় ভবনের একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নিহত ও আহতদের পূর্ণাঙ্গ পরিচয় এবং হামলার বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক মহলও পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে।



