ইরানে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২ পিএম
ইসরায়েল শনিবার সকালে ইরানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে এটি ‘পূর্ব সতর্কতা ও প্রতিরোধমূলক হামলা’ হিসেবে ঘোষণা করেছেন। একই সঙ্গে ইসরায়েলজুড়ে ‘বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে সাইরেন বাজানো হয়েছে যাতে বাসিন্দারা নিরাপদ স্থানের কাছে অবস্থান করতে পারে। তারা টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, সতর্কতাগুলো জনগণকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনার জন্য প্রস্তুত করার উদ্দেশ্যে।
নিরাপত্তা ব্যবস্থা হিসেবে দেশের সব এলাকা “পূর্ণ কার্যক্রম” থেকে “জরুরি কার্যক্রমে” স্থানান্তর করা হয়েছে। এর আওতায় স্কুল বন্ধ, জনসমাগম নিষিদ্ধ এবং জরুরি সেবা ছাড়া অন্যান্য কর্মস্থল বন্ধ রাখা হয়েছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। পশ্চিম তেহরানে অবস্থানরত প্রতিবেদক দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।
এদিকে, কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের সকল কর্মকর্তা-কর্মচারীর জন্য ‘শেল্টার-ইন-প্লেস’ নির্দেশনা জারি করেছে। দূতাবাস নাগরিকদেরও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে।



