Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তান–আফগান সংঘাতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩ এএম

পাকিস্তান–আফগান সংঘাতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

পাকিস্তান ও আফগানিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওয়াশিংটনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

হোয়াইট হাউসে এক সাংবাদিক জানতে চান, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আবারও যুদ্ধাবস্থা তৈরি হয়েছে—এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে আগ্রহী কি না। জবাবে ট্রাম্প বলেন, তিনি হস্তক্ষেপ করতে পারতেন, তবে পাকিস্তানের সঙ্গে তার সম্পর্ক ‘খুব, খুব ভালো’। তিনি আরও বলেন, পাকিস্তানে একজন ‘মহান প্রধানমন্ত্রী’ ও ‘মহান জেনারেল’ আছেন, যাদের তিনি সম্মান করেন। তার ভাষ্য, পাকিস্তান বর্তমানে অসাধারণভাবে ভালো করছে।

পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) ইস্যুতে গত চার বছরেরও বেশি সময় ধরে কাবুলের সঙ্গে দ্বন্দ্ব চলছে ইসলামাবাদের। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার টিটিপিকে আশ্রয় ও সহায়তা দিচ্ছে। যদিও কাবুল বারবার এ অভিযোগ অস্বীকার করেছে।

সম্প্রতি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর ওপর টিটিপি হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। ওই হামলার প্রতিক্রিয়ায় ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে টিটিপির ঘাঁটি লক্ষ্য করে বিমান অভিযান চালায় পাকিস্তান বিমান বাহিনী। এতে দুই প্রদেশে অন্তত ৮০ জন নিহত হন বলে জানা গেছে।

বিমান অভিযানের জবাবে ২৬ ফেব্রুয়ারি রাতে ডুরান্ড লাইন সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান সেনা চৌকিতে অতর্কিত হামলা চালায় আফগান বাহিনী। পাকিস্তানের দাবি, এতে ৫৫ জন সেনা নিহত হন এবং কয়েকজনকে অপহরণ করা হয়।

এর কয়েক ঘণ্টা পর আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পাকিস্তান। রাত ৩টা ৪৫ মিনিটে ‘অপারেশন গজব-লিল হক’ নামে সামরিক অভিযান শুরু করে দেশটির প্রতিরক্ষা বাহিনী। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ অভিযানে এখন পর্যন্ত ২৭৪ জন আফগান সেনা নিহত হয়েছেন।

দুই প্রতিবেশী দেশের সীমান্তে দ্রুত বদলে যাওয়া এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা প্রেক্ষাপটে নতুন উদ্বেগ তৈরি করেছে। তবে এ সংকটে যুক্তরাষ্ট্র আপাতত দূরত্ব বজায় রাখছে বলে স্পষ্ট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন