Logo
Logo
×

আন্তর্জাতিক

জান্তার বিমান হামলায় নিহত অন্তত ২৬

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৩ পিএম

জান্তার বিমান হামলায় নিহত অন্তত ২৬

মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তার বিমান হামলায় দেশটির পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে অন্তত ২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৯ জন। বুধবার মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় আরাকান রাজ্যের পোনন্যাগুন শহরের ইয়োয়েঙ্গু গ্রামে বিমান হামলায় নারী ও শিশুসহ ১৭ বেসামরিক নাগরিক নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন।

জান্তার হামলার শিকার ওই গ্রাম আরাকান রাজ্যের রাজধানী সিত্তে থেকে প্রায় ৩৩ কিলোমিটার (২১ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত। ২০২৪ সালের মার্চে সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত রাখাইনের খ্রিষ্টানদের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি শহরটির দখল নেয়।

পরিচয় গোপন রাখার শর্তে পোনন্যাগুনের এক বাসিন্দা বলেছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে।

ওই বাসিন্দা বলেন, আমরা নিহতদের নাম সংগ্রহের চেষ্টা করছি। হামলায় অন্তত পাঁচটি বাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলে পৃথক এক হামলায় দুই শিশুসহ ৯ বেসামরিক নাগরিক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সামরিক বাহিনীর প্যারামোটর হামলায় হতাহতের ওই ঘটনা ঘটেছে।

মিনমু শহরের এক বাসিন্দা বলেন, স্থানীয়রা ইন্টারনেট ব্যবহারের জন্য স্টারলিংক ডিভাইস ব্যবহার করছিলেন, এমন একটি স্থানে দুটি প্যারামোটর থেকে তিনটি বোমা ফেলা হয়।

২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকার উৎখাতের পর থেকে জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। ওই অভ্যুত্থানে অং সান সু চি নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির সরকারের পতন ঘটে।

সেনাবাহিনীর ক্ষমতা দখল দেশটিকে চার বছরেরও বেশি সময়ের জরুরি শাসনের মাঝে ঠেলে দেয়; যা আনুষ্ঠানিকভাবে গত জুলাইয়ে শেষ হয়। মিয়ানমারে গত বছরের ২৮ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত তিন ধাপে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, অভ্যুত্থানের পর থেকে সামরিক কর্তৃপক্ষ ও বিরোধী গোষ্ঠীগুলোর সংঘর্ষে ৬ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র: এএফপি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন