Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৬ পিএম

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড় দেখা দিয়েছে। এর ফলে একদিনেই পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটএওয়ারের তথ্য অনুযায়ী গ্রিনিচ মান সময় সকাল ৮টা ৪৫ মিনিট পর্যন্ত দেশটির ভেতরে, দেশে প্রবেশ ও দেশ থেকে ছেড়ে যাওয়া মোট ৫,৩২৬টি ফ্লাইট বাতিল হয়েছে।

এর আগে ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ডেলাওয়ার, নিউ জার্সি ও রোড আইল্যান্ডসহ একাধিক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। তুষারপাত, প্রবল বাতাস ও বৈরী আবহাওয়ার কারণে আকাশপথে চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ভ্রমণের আগে নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ (এনডব্লিউএস) জানিয়েছে, উপকূলীয় মিড-আটলান্টিক অঞ্চল থেকে মেইন পর্যন্ত ভারী তুষারপাত, শক্তিশালী বাতাস ও উপকূলীয় বন্যা দেখা দিতে পারে। কোথাও কোথাও প্রতি ঘণ্টায় ৭ দশমিক ৬ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে। মোট তুষারপাত ৩০ দশমিক ৫ থেকে ৬১ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

এনডব্লিউএস আরও জানিয়েছে, ঘণ্টায় ৬০ মাইল (১০০ কিমি) বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী, ভেজা তুষারের চাপ ও দমকা হাওয়ার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্নতার আশঙ্কাও রয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক ও নিউ জার্সিতে আগেভাগেই জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও ম্যাসাচুসেটসের বস্টনসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় ব্লিজার্ড সতর্কতা জারি রয়েছে।

নিউইয়র্ক সিটির মেয়র মামদানি জানিয়েছেন, রোববার রাত ৯টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত শহরের সড়ক, মহাসড়ক ও সেতু বন্ধ থাকবে। জরুরি সেবা কর্মী ও বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হওয়ার আহ্বান জানান তিনি। প্রায় ৮০ লাখ জনসংখ্যার এই শহরে গত এক দশকে এমন তীব্র ঝড় দেখা যায়নি বলে উল্লেখ করেন মেয়র।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন