ভারতের জোদপুরের মানাই গ্রামে নিজেদের বিয়ের দিন দুই বোনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। দুই বোনের একই দিনে বিয়ে ঠিক করেছিলেন তাদের বাবা-মা।
সংবাদমাধ্যম এনডিটিভি রোববার (২২ ফেব্রুয়ারি) জানিয়েছে, পুলিশ বলেছে, তারা দুজন বিষাক্ত কোনো কিছু পান করেছেন।
শোভা (২৫) এবং ভিমলা (২৩) নামে এ দুই বোনের শনিবার বিয়ে হওয়ার কথা ছিল। শুক্রবার রাতে পুরোদমে তাদের বিয়ের প্রস্তুতি চলছিল।
শনিবার মধ্যরাত পর্যন্ত তাদের বাড়িতে বিয়ের আনন্দ উৎসব হয়। ওই সময় দুই বোন ঘুমাতে যান। কিন্তু এর কিছুক্ষণ পর তাদের শরীর খারাপ হয়। তখন দ্রুত দুজনকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশের এডিসিপি (ওয়েস্ট) রোশান মীনা বলেছেন, বিয়ে বাড়ির অনুষ্ঠান শনিবার শেষ রাত পর্যন্ত হয়েছে। কিন্তু মধ্যরাতে দুই বোন ঘুমাতে চলে যান। ভোর ৪টার দিকে তাদের দুজনের শরীর হঠাৎ করে খারাপ হয়। এরপর পরিবারের সদস্যরা তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুজনের মরদেহ পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে বাড়িতে এনে সৎকারের ব্যবস্থা করেন। তবে ওই সময় থানা থেকে পুলিশ এসে মরদেহগুলো নিয়ে যায় এবং ময়নাতদন্ত করে ফিরিয়ে দিয়ে যায়।
প্রাথমিক তদন্তে তাদের দেহে বিষাক্ত প্রদার্থের উপস্থিতি পাওয়া গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ আরও তদন্ত করে পাওয়া যাবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এই দুই বোনের মামা অভিযোগ করেছেন, তাদের চাচা জোরপূর্বক তাদের বিয়ে দিচ্ছিল। এ নিয়ে মনোমালিন্য চলছিল। সেখান থেকে তারা দুজন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে



