বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা ভারতের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩১ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে বিএনপির জয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠান। এছাড়া ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ১৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নেন এবং মোদির একটি চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন। ওই চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়।
জয়সওয়াল জানান, দুই দেশের উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে ভারত-বাংলাদেশ সহযোগিতা আরও বিস্তৃত ও গভীর করার আশা করছে নয়াদিল্লি। তিনি আরও বলেন, ভিসা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে ধাপে ধাপে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আলোচনা করা হবে।
এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রতি বাংলাদেশের নির্বাচনকে শান্তিপূর্ণ উদাহরণ হিসেবে তুলে ধরে ভারতের নির্বাচন কমিশনকে কটাক্ষ করেন। তিনি বলেন, বাংলাদেশে সবাই ভেবেছিল সহিংসতা হবে, কিন্তু নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তার মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়। বিজেপি নেতারা অভিযোগ করেন, মমতা বাংলাদেশের নির্বাচনের ফল নিয়ে অতিরিক্ত উৎসাহ দেখাচ্ছেন এবং জামায়াতকে সমর্থন করছেন।
বিজেপি সংসদ সদস্য সুধাংশু ত্রিভেদি বলেন, ভারতের নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং এ বিষয়ে সুপ্রিম কোর্টও পরিষ্কার অবস্থান দিয়েছে।
সূত্র: এনডিটিভি



