দৃষ্টিশক্তির উন্নতি ইমরান খানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৭ পিএম
ছবি- সংগৃহীত
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট দিয়েছে সরকারি মেডিকেল বোর্ড। আদিয়ালা জেলে বন্দি ইমরান খানের চোখের চিকিৎসায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ও ২৫ জানুয়ারি পিআইএমএস হাসপাতালের চিকিৎসক ড. আরিফের তত্ত্বাবধানে তার চোখে বিশেষ ইনজেকশন দেওয়া হয়েছিল। এর ফলে দৃষ্টিশক্তির উন্নতি শুরু হয়েছে। সোমবার বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি প্যানেল প্রায় দুই ঘণ্টা ধরে তার চোখসহ সার্বিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রয়োজনে দ্বিতীয় ইনজেকশন দেওয়া হতে পারে। তবে তাকে হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন আছে কি না, সে বিষয়ে চূড়ান্ত মতামত পরে জানানো হবে।
সরকারি এই আশাব্যঞ্জক প্রতিবেদন বিরোধী দলীয় নেতাদের জানানো হলেও পিটিআই তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। দলটির দাবি, ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক ও পরিবারের সদস্যদের উপস্থিতি ছাড়া করা এই পরীক্ষা তারা গ্রহণ করবে না।
এদিকে ইমরান খানের সুচিকিৎসার দাবিতে ইসলামাবাদে উত্তেজনা বিরাজ করছে। বিরোধী দলগুলোর অবস্থান কর্মসূচি চতুর্থ দিনে গড়িয়েছে। মাহমুদ খান আচাকজাই, ব্যারিস্টার গোহর আলী খান এবং আসাদ কায়সারের নেতৃত্বে সংসদ সদস্যরা পার্লামেন্ট হাউসে অবস্থান ধর্মঘট করছেন। পাশাপাশি পার্লামেন্ট লজ ও খাইবার পাখতুনখোয়া হাউসেও পিটিআই সমর্থিত জনপ্রতিনিধিরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
বিক্ষোভকারীদের দাবি, ইমরান খানকে অবিলম্বে জেল থেকে সরিয়ে হাসপাতালে স্থানান্তর করতে হবে। আন্দোলনের কারণে পার্লামেন্ট লজ সংলগ্ন রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্যাফেটেরিয়া বন্ধ থাকায় অবস্থানরত সদস্যরা খাবার ও পানীয়ের সংকটে পড়েছেন।
পিটিআই নেতারা জানিয়েছেন, তাদের নেতার যথাযথ চিকিৎসা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।



