রাশিয়া থেকে দেড় শতাধিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১১ পিএম
রাশিয়ার কাছ থেকে দেড় শতাধিক এস-৪০০ দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা নিয়েছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে এ তথ্য জানিয়েছে রুশ টেলিভিশন চ্যানেলে আরটি।
সম্প্রতি এক বিবৃতিতে ভারতের ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, একাধিক সমরাস্ত্র ও যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সম্ভাব্য ক্রয় তালিকায় রয়েছে কমব্যাট ক্ষেপণাস্ত্র, মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট, রাফাল যুদ্ধবিমান এবং এয়ার-শিপ-বেজড হাই অল্টিচ্যুড স্যুডো স্যাটেলাইট। এসব সামরিক সরঞ্জামের জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে প্রায় ৩ হাজার ৯০০ কোটি ডলার।
যদিও মন্ত্রণালয়ের বিবৃতিতে সরাসরি এস-৪০০-এর নাম উল্লেখ করা হয়নি, তবে একাধিক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, ‘কমব্যাট ক্ষেপণাস্ত্র’ বলতে রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপনাস্ত্র এবং পান্তশির ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকেই বোঝানো হয়েছে।
কর্মকর্তারা জানান, ভারতীয় বিমান বাহিনী মোট ২৮৮টি ক্ষেপণাস্ত্রের জন্য আবেদন করেছে। এর মধ্যে ১২০টি স্বল্প-পাল্লার পান্তশির এবং ১৬৮টি দূরপাল্লার এস-৪০০ ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে।
রাশিয়ার তৈরি এস-৪০০ বিশ্বের অন্যতম উন্নত ও কার্যকর দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত। বর্তমানে ভারতের হাতে এ ব্যবস্থার চারটি ইউনিট রয়েছে; শিগগিরই আরও দুটি যুক্ত হওয়ার কথা রয়েছে। নতুন ক্রয় সম্পন্ন হলে দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : আরটি



