Logo
Logo
×

আন্তর্জাতিক

নেপালে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৫১

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম

নেপালে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৫১

ছবি : সংগৃহীত

নেপালে চলমান জেন-জি আন্দোলনে সহিংসতা বেড়ে যাওয়ায় নিহতের সংখ্যা ৫১ জনে পৌঁছেছে, যার মধ্যে তিনজন পুলিশ সদস্য ও একজন ভারতীয় নারী রয়েছেন। নিহতরা কাঠমান্ডু ছাড়াও বিভিন্ন জেলার বাসিন্দা। এই তথ্য জানিয়েছেন নেপাল পুলিশের মুখপাত্র ও ডিআইজি বিনোদ ঘিমিরে। খবর এনডিটিভি ও দ্য হিন্দু।

বিক্ষোভ শুরুর পর থেকে শত শত মানুষ আহত হয়েছেন, হাসপাতালগুলোতে আহতদের ভিড় বাড়ছে। কোথাও ৫০০, আবার কোথাও এক হাজারের বেশি আহতের খবর পাওয়া যাচ্ছে, তবে সঠিক সংখ্যা এখনও নিশ্চিত নয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনা ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর, সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সেনা পাহারা বসানো হয়েছে। সহিংসতার সময় কয়েকজন মন্ত্রীকে হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শহরের বিভিন্ন এলাকায় কারফিউ জারি রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হলেও একাধিক স্থানে গুলিবর্ষণ ও গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে তদন্ত ও ক্ষতিপূরণের দাবি উঠছে।

বিক্ষোভ ছড়িয়ে পড়ায় সীমান্তেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সীমান্ত পারাপার তদারকি জোরদার করা হয়েছে। নয়াদিল্লি জানিয়েছে, তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

এদিকে অস্থিরতার সুযোগে নেপালের বিভিন্ন কারাগারে বড় ধরনের ভাঙচুর হয়েছে। পুলিশের তথ্যমতে, ১৩ হাজার ৫৭২ জন বন্দি পালিয়ে গেছে, এবং পুলিশ হেফাজতে থাকা আরও ৫৬০ জন নিখোঁজ।

রাজধানীসহ দেশজুড়ে সহিংসতা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও বন্দিদের পালানো সব মিলিয়ে নেপালের অভ্যন্তরীণ নিরাপত্তা চরম চাপে রয়েছে। সরকার বলছে, এই সংকট মোকাবিলায় সংলাপ, রাজনৈতিক সদিচ্ছা এবং জনগণের আস্থা পুনর্গঠন জরুরি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন