বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি পাকিস্তানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪১ পিএম
ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামাবাদে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ সময় ঢাকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন পাক প্রধানমন্ত্রী।
সাক্ষাতে শেহবাজ শরিফ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রয়েছে একটি সাধারণ ইতিহাস, সংস্কৃতি ও বিশ্বাস, যা দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে। তিনি বাণিজ্য, শিক্ষাগত বিনিময় এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
পাক প্রধানমন্ত্রী নিউইয়র্ক ও কায়রোতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পূর্ববর্তী বৈঠকের কথা স্মরণ করে বলেন, ড. ইউনূস দুই দেশের সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেছিলেন।
সাক্ষাতের সময় বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন। ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে ড. ইউনূসের একটি চিঠি হস্তান্তর করেন, যেখানে পাকিস্তানে সাম্প্রতিক বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করা হয় এবং বাংলাদেশের পক্ষ থেকে সহায়তার প্রস্তাব দেওয়া হয়।
ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিক বন্ধন ও পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।



