Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৬৪ হাজার ছাড়াল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ এএম

গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৬৪ হাজার ছাড়াল

ছবি : সংগৃহীত

ইসরায়েলের অব্যাহত হামলায় ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে মৃতের সংখ্যা ৬৪ হাজার ৩৬৮ জনে পৌঁছেছে। রোববার (৭ সেপ্টেম্বর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮৭ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও ৪০৯ জন।

গাজা সিটির আল-শিফা হাসপাতালের মর্গে নিহতদের মধ্যে অন্তত ৪৫ জনের মরদেহে শেষ শ্রদ্ধা জানান স্বজনরা। বহু হতাহত এখনও ধ্বংসস্তূপে আটকে আছেন, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

এছাড়া মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে গত ২৪ ঘণ্টায় ৩১ জন নিহত এবং ১৩২ জনের বেশি আহত হয়েছেন। ২৭ মে থেকে এ পর্যন্ত খাদ্য সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ২,৪১৬ জন এবং আহত হয়েছেন ১৭,৭০৯ জনের বেশি।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত এক দিনে অপুষ্টি ও অনাহারে মারা গেছেন পাঁচজন। অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত অনাহারজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৭ জনে, যার মধ্যে ১৩৮ জন শিশু। মার্চ থেকে গাজার সব সীমান্ত বন্ধ করে দেওয়ায় ২৪ লাখ মানুষের এই অঞ্চল ভয়াবহ দুর্ভিক্ষে পড়েছে।

ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন (IPC) ইতোমধ্যে উত্তর গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ এই সংকট মধ্য ও দক্ষিণাঞ্চলীয় দেইর আল-বালাহ এবং খান ইউনিসে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। IPC ঘোষণার পর থেকে অনাহারে মারা গেছেন আরও ১০৯ জন, যার মধ্যে ২৩ জন শিশু।

এদিকে, ১৮ মার্চ থেকে ইসরায়েল পুনরায় গাজায় হামলা শুরু করার পর থেকে আরও ১১,৯১১ জন নিহত এবং ৫০ হাজারের বেশি আহত হয়েছেন। এতে জানুয়ারির যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে যায়।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে ইসরায়েল গণহত্যার মামলার মুখোমুখি আন্তর্জাতিক আদালত (ICJ)-এ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন