ভারতে ভুয়া ‘বাবা’ বিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪, রয়েছেন বাংলাদেশি নাগরিকও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ এএম
ছবি : সংগৃহীত
ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ভুয়া ‘বাবা’দের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ‘অপারেশন কালনেমি’ নামের এই অভিযানে এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
সোমবার (৮ সেপ্টেম্বর) এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, অভিযুক্তরা মানুষের সঙ্গে প্রতারণা ও ধর্মান্তরের কাজে জড়িত ছিলেন। উত্তরাখণ্ড পুলিশের অপরাধ ও আইনশৃঙ্খলা শাখার আইজি নিলেশ আনন্দ ভরনে জানান, অভিযানের আওতায় ৫,৫০০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ১,১৮২ জনের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই অভিযানের অংশ হিসেবে শুধু হরিদ্বারে ২,৭০৪ জনকে যাচাই করে তিনজনকে, দেরাদুনে ৯২২ জনকে যাচাই করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া টেহরি, পাউরি, আলমোড়া, নৈনিতালসহ অন্যান্য জেলাতেও অভিযান চলছে।
আইজি ভরনে আরও জানান, গ্রেপ্তার হওয়া একজন বাংলাদেশি নাগরিক ‘অমিত কুমার’ নামে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে সেলাকুই এলাকায় আট বছর ধরে ‘বাঙালি ডাক্তার’ পরিচয়ে বসবাস করছিলেন। অন্যদিকে, জম্মু-কাশ্মিরের বাসিন্দা ইফরাজ আহমেদ লোলু ‘রাজ আহুজা’ নামে দিল্লির ধনী ব্যক্তি সেজে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছিলেন বলে অভিযোগ রয়েছে।
‘অপারেশন কালনেমি’-এর মূল লক্ষ্য উত্তরাখণ্ডের ‘দেবভূমি’ ভাবমূর্তি রক্ষা করা এবং ধর্মের নামে প্রতারণা রোধ করা বলে জানিয়েছেন কর্মকর্তারা।



