ভেনেজুয়েলায় মার্কিন হামলার শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯ এএম
ভেনেজুয়েলায় যে কোনো সময় মার্কিন সামরিক হামলার আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুয়ের্তো রিকোর একটি বিমানঘাঁটিতে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দেওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যম স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) জানিয়েছে, ভেনেজুয়েলার ভূখণ্ডে সক্রিয় সংঘবদ্ধ মাদকচক্রগুলোকে লক্ষ্য করে এ হামলার পরিকল্পনা করা হচ্ছে। ওয়াশিংটনের এক সূত্র জানিয়েছে, পুয়ের্তো রিকোর ঘাঁটিতে অন্তত ১০টি যুদ্ধবিমান মোতায়েন করা হচ্ছে, যেগুলো ‘মাদক-জঙ্গি’ হিসেবে চিহ্নিত চক্রগুলোর বিরুদ্ধে ব্যবহৃত হবে।
এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র তার সরকারকে জোরপূর্বক উৎখাতের পরিকল্পনা করছে। তিনি বলেন, ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের ষড়যন্ত্র বন্ধ করুন। যুক্তরাষ্ট্রকে আমাদের সার্বভৌমত্ব, শান্তি ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
তবে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান জানিয়ে মাদুরো বলেন, আমি ট্রাম্পকে শ্রদ্ধা করি। আমাদের মধ্যে এমন কোনো মতপার্থক্য নেই, যা সামরিক সংঘাতের পর্যায়ে যেতে পারে। ভেনেজুয়েলা সবসময় সংলাপ ও আলোচনায় বিশ্বাসী।
এদিকে ডোনাল্ড ট্রাম্প পাল্টা মন্তব্যে জানান, তারা ভেনেজুয়েলার সরকারের পরিবর্তনের কোনো কথা বলেননি। তবে দেশটির অস্বাভাবিক নির্বাচন নিয়ে তারা উদ্বিগ্ন।
তিনি মূলত ২০২৫ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনকে ইঙ্গিত করেছেন, যেখানে ব্যাপক সমালোচনার মুখে দ্বিতীয় মেয়াদে জয়ী হন মাদুরো। পশ্চিমা দেশগুলো এ নির্বাচনকে অবৈধ বলে মন্তব্য করেছে।
এই পরিস্থিতিতে লাতিন আমেরিকায় নতুন করে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা।
সূত্র: আলজাজিরা



