চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১০:২৫ এএম
ডোনাল্ড ট্রাম্প
চীনের পণ্যে ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট সরবরাহ করতে হবে চীনকে; তা না হলে কঠোর শুল্ক আরোপ করা হবে। মঙ্গলবার (২৬ আগস্ট) এ খবর জানিয়েছে আল জাজিরা।
সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “চীন যদি যথেষ্ট ম্যাগনেট না দেয়, তবে তাদের পণ্যে ২০০ শতাংশ বা তারও বেশি শুল্ক বসবে।”
আল জাজিরা জানায়, দুর্লভ খনিজ উপাদান নিয়ে বেইজিং অত্যন্ত সতর্ক। গত এপ্রিল যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির জবাবে চীন বেশ কিছু খনিজ ও ম্যাগনেট রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে। বর্তমানে বৈশ্বিক ম্যাগনেট বাজারের প্রায় ৯০ শতাংশই চীনের নিয়ন্ত্রণে, যা সেমিকন্ডাক্টর চিপ থেকে শুরু করে স্মার্টফোনসহ বহু প্রযুক্তিপণ্যে অপরিহার্য।
ট্রাম্পের এ বক্তব্য আসে এমন সময়ে, যখন যুক্তরাষ্ট্রের ইন্টেল করপোরেশনে ১০ শতাংশ শেয়ার নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি দুর্লভ খনিজের ওপর নির্ভরশীল।
অন্যদিকে, চীনের রপ্তানি প্রবণতা বিপরীত চিত্র দেখিয়েছে। চীনা কাস্টমসের তথ্যমতে, জুনের তুলনায় জুলাইয়ে বিরল খনিজ আকরিক রপ্তানি ৪ হাজার ৭০০ টনের বেশি বৃদ্ধি পেয়েছে।
বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে শুল্ক বিরোধ চলমান থাকলেও চলতি মাসের শুরুতে তা প্রশমিত হওয়ার ইঙ্গিত মিলেছিল। কিন্তু ট্রাম্পের নতুন হুমকি পরিস্থিতিকে আবারও জটিল করেছে।
সম্প্রতি ট্রাম্প এক নির্বাহী আদেশে চীনা পণ্যের ওপর শুল্ক কার্যকরের সময়সীমা আরও ৯০ দিন বাড়ান। এ আদেশ না হলে শুল্কহার ১৪৫ শতাংশে পৌঁছাত। এর আগে গত মে মাসে যুক্তরাষ্ট্র ও চীন সমঝোতায় এসে শুল্কহার ১২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামাতে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৩০ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে একমত হয়েছিল।



