শেখ হাসিনা ও আসাদউদ্দিন ওয়েইসি
ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর সরকারের ঘোষিত উদ্যোগের প্রসঙ্গ টেনে সরাসরি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি তুলেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান ও হায়দরাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়েইসি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আয়োজিত *আইডিয়া এক্সচেঞ্জ* অনুষ্ঠানে ওয়েইসি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন এ দেশে রয়েছেন? তিনিও তো বাংলাদেশি, তাই না? তাকে দিয়েই অভিযান শুরু হোক।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ওয়েইসি অভিযোগ করেন, একজন বাংলাদেশিকে আশ্রয় দিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরানো হচ্ছে, অথচ বাংলাভাষী গরিব নাগরিকদের যাচাই-বাছাই ছাড়াই সীমান্তে ফেলে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, দেশে যিনিই বাংলা ভাষায় কথা বলছেন, তাকেই বাংলাদেশি অনুপ্রবেশকারী বলা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী শ্রমিকদের বিশেষভাবে হয়রানি ও বন্দিশালায় আটকে রাখা হচ্ছে।
লোকসভার এই সদস্যের মতে, ভারতকে উচিত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা, ক্ষমতাচ্যুত নেত্রীকে আশ্রয় দিয়ে প্রতিবেশী সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি না করা।



