ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে হ্যারিকেন অ্যারিন, গতি ছাড়িয়েছে ২৬০ কিলোমিটার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১০:৩৬ এএম
ছবি : সংগৃহীত
মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ভয়াবহ শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি-৫ মাত্রার ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে হ্যারিকেন অ্যারিন। ঝড়টির স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় ১৬০ মাইল বা ২৬০ কিলোমিটার ছাড়িয়েছে এবং আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার (১৬ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পরিচালক মাইক ব্রেনান জানান, অ্যারিন রাতারাতি “অত্যন্ত শক্তিশালী” হয়ে উঠেছে এবং “বিস্ফোরকভাবে গভীর ও তীব্র” আকার ধারণ করেছে। শুক্রবার পর্যন্ত এটি একটি ট্রপিক্যাল স্টর্ম ছিল।
বর্তমানে ক্যারিবীয় সাগরে অবস্থানরত অ্যারিন সপ্তাহান্তে লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ ও পুয়ের্তো রিকোর উত্তরাঞ্চল অতিক্রম করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এসব এলাকায় ৬ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যা আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াবে।
২০২৫ সালের আটলান্টিক মৌসুমে এটি প্রথম হ্যারিকেন হলেও আপাতত যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সরাসরি আঘাত হানার আশঙ্কা নেই। তবে ঝড়টি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে বাহামার পূর্ব উপকূল ঘেঁষে উত্তর ক্যারোলিনার আউটার ব্যাংকসের দিকে যেতে পারে।
ব্রেনান সতর্ক করে বলেন, অ্যারিন যুক্তরাষ্ট্রের প্রায় পুরো পূর্ব উপকূলে প্রাণঘাতী ঢেউ ও রিপ কারেন্ট সৃষ্টি করবে। ফ্লোরিডা ও মিড-অ্যাটলান্টিক অঞ্চলে ঢেউ সবচেয়ে বিপজ্জনক হবে। বারমুডাতেও ভারী বৃষ্টিপাত ও প্রাণঘাতী ঢেউয়ের সম্ভাবনা রয়েছে।
প্রবল বাতাসের কারণে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড ভার্জিন দ্বীপপুঞ্জের সেন্ট থমাস ও সেন্ট জন এবং পুয়ের্তো রিকোর ছয়টি পৌরসভায় জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে।
মার্কিন জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডল প্রশাসন (এনওএএ) জানিয়েছে, এ বছর আটলান্টিকে স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক হ্যারিকেন দেখা যেতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্যাটাগরি-৪ ও ৫ মাত্রার শক্তিশালী ঝড়ের সংখ্যা বাড়ছে বলেও সতর্ক করেছে সংস্থাটি।



