বিশ্ব প্রথমবারের মতো ভারতের নতুন সামরিক সক্ষমতা দেখেছে: মোদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৬:৫৭ পিএম
ছবি : সংগৃহীত
চলতি বছরের ৭ মে পাকিস্তানের ওপর ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক অভিযান চালায় ভারত। এরপর পাল্টা হামলা চালায় পাকিস্তান। দুই দেশের মধ্যে টানা চারদিন ধরে চলা এই সংঘাত থামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায়।
রোববার (১০ আগস্ট) বন্দেভারত ট্রেন উদ্বোধনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অভিযানের প্রসঙ্গ তুলে বলেন, “ভারতীয় প্রযুক্তি ও ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির কারণে অপারেশন সিঁদুরে দ্রুত সফলতা এসেছে। বিশ্ব প্রথমবারের মতো ভারতের নতুন সামরিক সক্ষমতা দেখেছে, যেখানে ভারতীয় বাহিনী পাকিস্তানের গভীরে প্রবেশ করে সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করেছে এবং কয়েক ঘণ্টার মধ্যে ভারতকে নিরাপদ করেছে।”
এর আগে ভারতীয় বিমানবাহিনীর প্রধান দাবি করেন, অভিযানে পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ও একটি সামরিক বিমান ধ্বংস করা হয়েছে। তবে এই দাবি প্রত্যাখ্যান করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, “ভারত যদি সত্যিই বিমান ভূপাতিত করে থাকে, তাহলে তা প্রমাণ করুক।”
তিনি আরও বলেন, “সংঘাতের তিন মাস পর এমন দাবি হাস্যকর। ভারতীয় পক্ষের বক্তব্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।”
ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক এই উত্তেজনা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে আহ্বান জানাচ্ছে।



