হিমাচলে বর্ষণ-বন্যা-ভূমিধসে ১৮৪ জনের মৃত্যু, বিপর্যস্ত জনজীবন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৫:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় পার্বত্য রাজ্য হিমাচল প্রদেশে গত ২০ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত টানা ১৪ দিনের প্রবল বর্ষণ, আকস্মিক বন্যা, বজ্রপাত ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮৪ জন। দুর্যোগে রাজ্যজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
দুর্যোগে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ভূমিধস, ক্লাউডবার্স্ট, বিদ্যুৎপৃষ্ট ও পানিতে ডুবে যাওয়ার ঘটনায়। এর মধ্যে ১০৩ জনের মৃত্যু হয়েছে প্রাকৃতিক দুর্যোগে এবং ৮১ জন সড়ক দুর্ঘটনায়। মান্দি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যেখানে ১৪ জন দুর্যোগে এবং ২৩ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
বন্যা ও ভূমিধসের কারণে রাজ্যের ৩০৫টি জাতীয় মহাসড়কসহ ৩০৯টি সড়ক সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। ধ্বংস হয়েছে ২৩৬টি জলাধার ও ১১৩টি বিদ্যুৎ ট্রান্সফরমার, ফলে বহু এলাকায় দেখা দিয়েছে পানি ও বিদ্যুৎ সংকট। কৃষিখাতে ক্ষতির পরিমাণও ভয়াবহ—৮৮ হাজার ৮০০ একর জমির ফসল সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন হিমাচলে থেমে থেমে অথবা লাগাতার ভারী বর্ষণ অব্যাহত থাকবে। ভৌগলিক অবস্থান ও অপরিকল্পিত নগরায়নের কারণে হিমাচল প্রদেশে বর্ষাকালে দুর্যোগের মাত্রা দিন দিন বাড়ছে।
এদিকে, ভারতের সুপ্রিম কোর্ট হুঁশিয়ারি দিয়েছে, যদি বনাঞ্চল ধ্বংস, অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন বন্ধে জরুরি পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে ভারতের মানচিত্র থেকে হিমাচল প্রদেশের অস্তিত্বই বিলীন হয়ে যেতে পারে।



