হাওয়াইতে সুনামি সতর্কতা, খোলা হয়েছে জরুরি আশ্রয়কেন্দ্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১২:০৯ পিএম
ছবি : সংগৃহীত
রাশিয়ায় ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে সুনামির আশঙ্কা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের হাওয়াই দীপপুঞ্জে জারি করা হয়েছে জরুরি সুনামি সতর্কতা। বিপদের আশঙ্কায় ওহু, কাউই, মাউই ও হাওয়াই কাউন্টিতে খোলা হয়েছে একাধিক আশ্রয়কেন্দ্র, বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসন। গভর্নরের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, সুনামির ঢেউ হাওয়াই দ্বীপপুঞ্জে ভয়াবহ আঘাত হানতে পারে।
সিএনএন জানিয়েছে, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ইতোমধ্যেই আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ সরে যেতে শুরু করেছে। হাওয়াই ছাড়াও এশিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং ওশেনিয়ার একাধিক অঞ্চলেও এই ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি হয়েছে। এদের মধ্যে রয়েছে রাশিয়া, জাপান, তাইওয়ান, ফিলিপাইন, চীন, গুয়াম, ক্যালিফোর্নিয়া, আলাস্কা, ওরেগন, ওয়াশিংটন, ব্রিটিশ কলাম্বিয়া, মেক্সিকো, পেরু, ইকুয়েডর এবং নিউজিল্যান্ড।
বর্তমানে ক্ষয়ক্ষতির কোনো নির্ভরযোগ্য তথ্য প্রকাশ না হলেও সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে আতঙ্ক বিরাজ করছে এবং সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে।



