থাইল্যান্ডে সীমান্ত প্রদেশের গ্রাম থেকে পালাচ্ছেন নাগরিকরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৮:১১ পিএম
ছবি : সংগৃহীত
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। কম্বোডিয়ার রকেট হামলায় একজন সেনাসহ ১২ জন থাই নাগরিক নিহত হয়েছেন, যার পরিপ্রেক্ষিতে থাইল্যান্ড পাল্টা হামলা চালায় যুদ্ধবিমান দিয়ে, তবু কম্বোডিয়ার গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে সূত্র জানিয়েছে।
সংঘাতের প্রেক্ষিতে দুই দেশই সীমান্তবর্তী প্রদেশগুলোর সকল স্কুল বন্ধ ঘোষণা করেছে এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়া শুরু হয়েছে। তবে অনেক থাই নাগরিক সরকারি সহায়তার অপেক্ষা না করে নিজ উদ্যোগে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছেন।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা, এবং আলজাজিরা কর্তৃক যাচাই করা ভিডিওগুলোতে দেখা যাচ্ছে শত শত মানুষ রাস্তায় ব্যাগ, বাক্স হাতে করে পালিয়ে যাচ্ছেন। হাজারো মানুষ বড় টারপলিনের নিচে বসে আশ্রয়ের অপেক্ষায় রয়েছেন। সামরিক বাহিনীর সদস্যরা আশ্রয়প্রার্থীদের তদারকি করছে, এবং নতুন আশ্রয়কেন্দ্র খোলা হচ্ছে।
সংকুলানের অভাবে চারপাশে ছোট ছোট তাঁবু টাঙানো হয়েছে, যেখানে অনেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, মনে হচ্ছে নিবন্ধন প্রক্রিয়া চলছে।
এই উত্তপ্ত পরিস্থিতি ঘিরে স্থানীয় জনগণের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে, এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে।



