বাংলাদেশিদের জন্য উল্লেখযোগ্যসংখ্যক ভিসা দেওয়া হচ্ছে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৭:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ, চিকিৎসা ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন উদ্দেশ্যে উল্লেখযোগ্যসংখ্যক ভিসা প্রদান অব্যাহত রয়েছে বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশিদের জন্য আমরা ভিসা দিয়ে যাচ্ছি। ভ্রমণ, মেডিক্যাল ইমার্জেন্সি এবং শিক্ষার মতো বিভিন্ন কারণে উল্লেখযোগ্যসংখ্যক ভিসা দেওয়া হচ্ছে।”
উল্লেখ্য, গত বছরের জুলাই-অগাস্ট থেকে বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। এতে অনেক বাংলাদেশি নাগরিক ভিসা না পেয়ে দুর্ভোগে পড়েন।
তবে সাম্প্রতিক সময়ে কত সংখ্যক ভিসা দেওয়া হয়েছে—এই বিষয়ে নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি জয়সওয়াল। তিনি বলেন, “সঠিক সংখ্যাটি পরে জানাতে হবে।”
এদিকে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সহিংস ঘটনার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে ভারতের অবস্থান স্পষ্ট করেননি তিনি। বরং বলেন, “আমরা আমাদের অঞ্চলে যেকোনো ঘটনার দিকে সতর্ক নজর রাখি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি।”



