ভারতের উত্তরাখণ্ডে সাধুবেশে প্রতারণা, বাংলাদেশিসহ গ্রেপ্তার ২৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৫:১৬ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ধর্মীয় পোশাক ও বিশ্বাসকে ব্যবহার করে প্রতারণা করার অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। দেহরাদুনে চালানো "অপারেশন কালনেমি" অভিযানে এই গ্রেপ্তার কার্যক্রম পরিচালিত হয়, যার নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কেউই ধর্ম বা জ্যোতিষশাস্ত্র বিষয়ে যথাযথ জ্ঞান বা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন, যিনি নিজের নাম রুকন রাকাম ওরফে শাহ আলম (২৬) বলে জানিয়েছেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার বলে নিশ্চিত করা হয়েছে এবং তাকে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী আটক করা হয়েছে।
অন্য অভিযুক্তরা ভারতের উত্তর প্রদেশ, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ ও আসামের বাসিন্দা। পুলিশ তাদের অতীত কার্যক্রম ও পরিচয় যাচাই করছে।
আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, এ ব্যক্তিরা সাধুর ছদ্মবেশে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে বিভ্রান্তি ও প্রতারণা চালাচ্ছিলেন। জনআস্থার অপব্যবহারকারী এসব প্রতারকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
দেহরাদুন পুলিশ স্থানীয় বাসিন্দাদের অনুরোধ জানিয়েছে, সন্দেহজনক কোনো সাধুবেশধারী দেখলে সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়ার জন্য।



