যুক্তরাষ্ট্রে নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৭:১৮ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের রিভার নর্থ এলাকার একটি নাইটক্লাবের বাইরে বন্দুক হামলায় অন্তত চারজন নিহত ও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাত ১১টার দিকে “দ্য আর্টিস লাউঞ্জ” নামক ক্লাবের বাইরে এই হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, ওই সময় র্যাপার মেলো বিবাকজের অ্যালবাম উন্মোচন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। অনুষ্ঠান শেষে ক্লাবের বাইরে ভিড়ের মধ্যে একটি কালো রঙের গাড়ি থেকে অজ্ঞাত বন্দুকধারী গুলি চালায়। গুলি ছুঁড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে গাড়িটি।
দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবিদ্ধ আটজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল। এর মধ্যে একজন ২৯ বছর বয়সী নারী পায়ের নিচে এবং ২৯ বছর বয়সী এক পুরুষ উরুতে গুলিবিদ্ধ হয়েছেন।
এছাড়া ৩১ বছর বয়সী এক নারী হাঁটুতে, ২৫ বছর বয়সী এক পুরুষ হাত ও উরুতে, ২৫ বছর বয়সী এক নারী উরুতে, ৩০ বছর বয়সী এক নারী হাতে, ২৯ বছর বয়সী এক পুরুষ বাহুতে এবং ২৭ বছর বয়সী এক নারী পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।
নিহতদের মধ্যে ২৪ বছর বয়সী পুরুষ বুকে গুলিবিদ্ধ হয়েছিলেন। এছাড়া ২৫ বছর বয়সী এক তরুণ মাথায় গুলিবিদ্ধ হন। আরও দুই প্রাপ্তবয়স্ক নারী বুকে গুলিবিদ্ধ হয়েছিলেন। হাতপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা গেছেন।
পুলিশ জানিয়েছে, নিহতদের একজন ছিলেন র্যাপার মেলো বিবাকজের প্রেমিক এবং অপরজন তাঁর ঘনিষ্ঠ বন্ধু।
এই বর্বর ঘটনায় স্থানীয় প্রশাসন এবং কমিউনিটি নিরাপত্তা কার্যালয় উদ্বেগ প্রকাশ করেছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং হামলাকারীর খোঁজে ব্যাপক তৎপরতা চালাচ্ছে শিকাগো পুলিশ।



