আল-আকসা মসজিদ চত্বরে নৃত্য-গান-ভ্রমণের অনুমতি দিলো ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১১:৫০ এএম
ছবি : সংগৃহীত
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গেভিরের নির্দেশনায় ইসলাম ধর্মাবলম্বীদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ চত্বরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নৃত্য, গান ও নির্বিঘ্নভাবে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বৃহস্পতিবার (২৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরায়েলের কট্টর ডানপন্থি নেতা বেন-গেভির সম্প্রতি কয়েকটি ইহুদি ধর্মীয় সংগঠনের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন। সংবাদমাধ্যম চ্যানেল সেভেন জানায়, বেন-গেভির বলেন, “আমি চাই পুরো আল-আকসা চত্বরে সঙ্গীত বেজে উঠুক।”
চ্যানেলটি আরও জানিয়েছে, সংশ্লিষ্ট পুলিশ বাহিনীকে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যেন দর্শনার্থীদের নাচ-গান ও চলাচলে কোনো ধরনের বাধা দেওয়া না হয়।
এই সিদ্ধান্ত আল-আকসা চত্বর সংক্রান্ত দীর্ঘদিনের নিয়মনীতি ও ধর্মীয় সংবেদনশীলতার বড় ধরনের লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। যদিও এখন পর্যন্ত ইসরায়েলি মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
ইতিমধ্যে বিষয়টি নিয়ে মুসলিম বিশ্বে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ, ইসলাম ধর্মের ইতিহাস অনুযায়ী আল-আকসা মসজিদ ছিল মুসলিমদের প্রথম কেবলা। এটি পূর্ব জেরুজালেমে অবস্থিত, যার দখল ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে নেয় ইসরায়েল। আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ এখনও পূর্ব জেরুজালেমকে ইসরায়েলি অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি।



