বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পিএম
বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালুর বিষয়টি তুলে ধরে সন্তোষ প্রকাশ করেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্টারলিংকের বাণিজ্যিক বিক্রয় বিভাগের প্রধান স্টেফানি বেডনারেকের একটি পোস্ট পুনঃপ্রকাশ করে মাস্ক লেখেন, “Starlink connecting Bangladesh!”। পাশাপাশি নিজের অ্যাকাউন্টে তিনি আরও লেখেন, “Starlink Mobile now available in Bangladesh!”
স্টেফানি বেডনারেক জানিয়েছেন, স্টারলিংক মোবাইল প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের লাখো মানুষ অতিরিক্ত সংযোগ সুবিধা পাবেন। বিশেষ করে যেসব এলাকায় প্রচলিত মোবাইল নেটওয়ার্কের কাভারেজ সীমিত বা অনুপস্থিত, সেখানে এই সেবা কার্যকর যোগাযোগ নিশ্চিত করতে সহায়তা করবে।
তার মতে, উপকূলীয় অঞ্চল, প্রত্যন্ত এলাকার বাসিন্দা, ব্যবসাপ্রতিষ্ঠান, জেলে সম্প্রদায় এবং ভ্রমণকারীরা সেলুলার নেটওয়ার্কের বাইরে থেকেও সংযুক্ত থাকার সুযোগ পাবেন।
স্টারলিংক জানিয়েছে, মোবাইল অপারেটর বাংলালিংকের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে বাংলাদেশে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকেরা নেটওয়ার্কবিহীন এলাকাতেও নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করে বার্তা আদান-প্রদান, অবস্থান শেয়ার এবং জরুরি যোগাযোগের সুবিধা পাবেন।
বাংলালিংক জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় এ ধরনের সেবা চালুর ক্ষেত্রে এটি প্রথম উদ্যোগ। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ, দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাট কিংবা প্রচলিত মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হওয়ার পরিস্থিতিতে যোগাযোগ সচল রাখাই এ সেবার অন্যতম লক্ষ্য।
সংশ্লিষ্টরা বলছেন, দেশের উপকূলীয় অঞ্চল, গভীর সমুদ্র এবং একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে কর্মরত ব্যক্তিদের জন্য এই প্রযুক্তি উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনতে পারে। সামঞ্জস্যপূর্ণ ৪জি ডিভাইস ও বাংলালিংক সিম ব্যবহার করে গ্রাহকেরা মোবাইল নেটওয়ার্কের বাইরে থেকেও প্রয়োজনীয় যোগাযোগসেবা গ্রহণ করতে পারবেন।



