ফেসবুক ও মেসেঞ্জারের ওয়েব ভার্সনে হঠাৎ বিপর্যয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০২:১২ পিএম
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারের ওয়েব ভার্সনে হঠাৎ করেই সমস্যা দেখা দিয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটের পর থেকে অনেক ব্যবহারকারী ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে অচল অবস্থার মুখোমুখি হন। মোবাইল অ্যাপে সমস্যা না থাকলেও ওয়েব ভার্সনে বার্তা পাঠানো, নিউজফিড দেখা এবং নতুন পোস্ট লোড করতে সমস্যা হচ্ছে।
ব্যবহারকারীরা জানিয়েছেন, মেসেঞ্জারে পাঠানো বার্তা দীর্ঘ সময় ধরে ‘সেন্ডিং’ অবস্থায় থাকছে, আবার অনেকের ক্ষেত্রে ফেসবুক খুললেও নতুন পোস্ট লোড হচ্ছে না। এতে ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে ব্যবসায়িক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, বড় প্ল্যাটফর্মে সেবা ব্যাহত হলে এর প্রভাব বিনোদন বা ব্যক্তিগত যোগাযোগ ছাড়াও ছোট ব্যবসা, অনলাইন উদ্যোক্তা, সংবাদমাধ্যম ও ফ্রিল্যান্সারদের ওপর পড়ে। কয়েক ঘণ্টার সমস্যাও তাদের কাজকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম এখন মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাই ফেসবুক-মেসেঞ্জারের মতো প্ল্যাটফর্মে সাময়িক সমস্যা দেখা দিলে ব্যবহারকারীদের মধ্যে দ্রুত উদ্বেগ ছড়িয়ে পড়ে। মেটার পক্ষ থেকে সমস্যার কারণ বা সমাধান বিষয়ে আনুষ্ঠানিক তথ্য না পাওয়া পর্যন্ত ব্যবহারকারীদের অপেক্ষা করা ছাড়া তেমন কোনো বিকল্প নেই।



