মোবাইল কেনাবেচায় নতুন নিয়ম, সতর্ক করল বিটিআরসি
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৬ পিএম
ছবি : সংগৃহীত
মোবাইল ফোন বিক্রি বা হস্তান্তরের আগে অবশ্যই নিবন্ধন বাতিল (ডি-রেজিস্ট্রেশন) করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিআরসির স্পেকট্রাম বিভাগ।
এতে বলা হয়, দেশের মোবাইল ফোন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে গত ১ জানুয়ারি থেকে এনইআইআর সিস্টেম পুরোপুরি কার্যকর করা হয়েছে। এনইআইআর চালুর ফলে বর্তমানে দেশের মোবাইল নেটওয়ার্কে সচল থাকা সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে গেছে। এর মাধ্যমে অবৈধ ও চোরাই মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
বিজ্ঞপ্তিতে আরও হয়, নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোনে সিম পরিবর্তনের ক্ষেত্রেও অথবা ফোনটি অন্য কারও কাছে হস্তান্তর কিংবা বিক্রির আগে অবশ্যই সংশ্লিষ্ট হ্যান্ডসেটটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে নিবন্ধন বাতিল করতে হবে।
ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য সিম কেনার সময় ব্যবহৃত ডকুমেন্ট অনুযায়ী জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের শেষ ৪টি সংখ্যা প্রয়োজন হবে বলে জানিয়েছে বিটিআরসি।
ডি-রেজিস্ট্রেশনসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিটিআরসির ওয়েবসাইট neir.btrc.gov.bd ভিজিট করতে বলা হয়েছে। এ ছাড়া সহায়তার জন্য বিটিআরসির কল সেন্টার ১০০ নম্বরে যোগাযোগ করা যাবে কিংবা সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার থেকেও সহায়তা নেওয়া যাবে।



