ছবি : বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ নিয়ে চলমান শঙ্কার অবসান ঘটল। বর্তমান সভাপতি ফারুক আহমেদকে সরিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) বিকেলে বিসিবির জরুরি সভায় পরিচালকদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। একই সভায় সিনিয়র সহ-সভাপতি হয়েছেন অভিজ্ঞ কোচ ও প্রশাসক নাজমুল আবেদীন ফাহিম এবং সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন পরিচালক ফাহিম সিনহা।
গত বছর আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির সভাপতির দায়িত্ব পেয়েছিলেন ফারুক আহমেদ। তবে বোর্ডের অভ্যন্তরীণ চাপ ও দুর্নীতির অভিযোগের কারণে ৮ পরিচালক তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন।
এরপর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গতকাল রাতে তার কাউন্সিলর মনোনয়ন বাতিল করে এবং নতুন কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেয় আমিনুল ইসলাম বুলবুলকে।
সভায় পরিচালকদের ভোটে তিনি বিসিবির ১৬তম সভাপতি নির্বাচিত হন। তবে তিনি স্পষ্ট করেছেন, তার মূল লক্ষ্য অক্টোবরের নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করা এবং এই দায়িত্ব শেষে সরে দাঁড়ানো।
ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিনুল জানান, তিনি পরবর্তী নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী নন। তার দায়িত্ব শুধুমাত্র একটি স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা।
বর্তমানে আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আমিনুল বলেন, আইসিসি তাকে অনির্দিষ্টকালের ছুটি মঞ্জুর করেছে, যাতে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাজ করতে পারেন।
১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া আমিনুল দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান—২০০০ সালে ভারতের বিপক্ষে তার ১৪৫ রানের ঐতিহাসিক ইনিংস আজও স্মরণীয়।
আগামী অক্টোবর মাসে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্রীড়া বিশ্লেষকরা মনে করছেন, তার নেতৃত্বে বিসিবির পরিচালনাব্যবস্থায় স্বচ্ছতা ও ভারসাম্য আসবে।



