Logo
Logo
×

খেলা

ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম

ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায়

ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়া সহজ ছিল না পেপ গার্দিওলার জন্য। ফুটবল বিশ্বের অন্যতম সফল একটি দেশের জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সুযোগ— তাও আবার পাওলো মালদিনি ও লিওনার্দোর মতো সাবেক তারকাদের কাছ থেকে। এমন প্রস্তাবে সাড়া দিতে না পেরে বিব্রত হয়েছিলেন তিনি। কিন্তু কোচিং ক্যারিয়ারে দীর্ঘ এক দশকের ক্লান্তিকর অধ্যায় শেষে তখন তার প্রয়োজন ছিল বিরতি। তাই ইচ্ছা থাকলেও গত জুলাইয়ে আজ্জুরিদের ‘না’ বলা ছাড়া উপায় ছিল না গার্দিওলার।

ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে ১০ বছর কাটিয়ে তখনই কোচিং থেকে সাময়িক বিরতির সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময় জাতীয় দলকে পুনর্গঠনের পরিকল্পনায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির প্রথম পছন্দ ছিলেন গার্দিওলা। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের বাছাইপর্ব পেরোতে ব্যর্থ হওয়ার পর নতুন করে পথচলা শুরুর লক্ষ্যে তার সঙ্গে যোগাযোগ করে দেশটির ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। প্রস্তাব নিয়ে তার কাছে গিয়েছিলেন সংস্থাটির তৎকালীন টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি ও তার প্রধান পরামর্শক লিওনার্দো।

কিন্তু সেসময় আর নতুন কোনো দায়িত্বে জড়াতে চাননি গার্দিওলা। দীর্ঘদিনের নিরবচ্ছিন্ন কাজের চাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই ছিল তার কাছে বেশি জরুরি। এবার ইতালির প্রস্তাব ফিরিয়ে দেওয়া নিয়ে প্রথমবারের মতো কথা বলেছেন তিনি।

সাবেক ব্রাজিলিয়ান তারকা রোমারিওর টেলিভিশন অনুষ্ঠান ‘রোমারিও টিভি’তে দেওয়া সাক্ষাৎকারে গার্দিওলা বলেন, ‘বিষয়টি নিয়ে এই প্রথম কথা বলছি। হ্যাঁ, আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম। ইতালিকে না বলতে গিয়ে আমি বিব্রত হয়েছিলাম, ইতালির মতো একটা দেশকে (না বলা)... ইতালি জাতীয় দলকে কোচিং করাতে পারলে তা আমার ক্যারিয়ারের জন্য অনেক গর্বের ব্যাপার হতো।’

তিনি যোগ করেন, সময়টা অনুকূলে থাকলে হয়তো ইতালির প্রস্তাব গ্রহণ করতেন, ‘কিন্তু আমি তখন বুঝতে পারছিলাম, আমি একটু থামা উচিত। তারা যদি দুই বছর আগে আমাকে ডাকত, তাহলে হয়তো আমি রাজি হয়ে যেতাম। কিন্তু যখন পাওলো মালদিনি ও লিওনার্দো প্রস্তাব দিল— যাদেরকে আমি খুব পছন্দ করি, কিন্তু ওই মুহূর্তে আমার বিরতি নিতেই হতো।’

বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটি— তিন ক্লাবেই নিজের কোচিং দর্শনের ছাপ রেখেছেন গার্দিওলা। বিশেষ করে সিটিতে তার এক দশকের অধ্যায় ক্লাবটির ইতিহাসই বদলে দিয়েছে। তার অধীনে ছয়বার প্রিমিয়ার লিগ জিতেছে ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটি, যার মধ্যে রয়েছে টানা চার শিরোপার অনন্য কীর্তি। এছাড়া, তিনটি এফএ কাপ, পাঁচটি ইএফএল কাপ ও ম্যান সিটির ইতিহাসে প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও এসেছে তার হাত ধরে।

গার্দিওলা প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর ইতালির কোচের দায়িত্ব পেয়েছেন রবার্তো মানচিনি। এর আগে এক দফায় আজ্জুরিদের কোচ হিসেবে কাজ করা এই সাবেক তারকার অধীনেই ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিল দলটি। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত তার কোচিংয়ে ইতালি বেশ সাফল্য পেলেও বিশ্বকাপে উঠতে ব্যর্থ হয়।

আপাতত কোচিংয়ের বাইরে থাকলেও ফুটবল থেকে দূরে থাকার ইচ্ছা নেই গার্দিওলার। আবারও ডাগআউটে ফেরার অপেক্ষায় আছেন তিনি। তবে পরবর্তী অধ্যায়ে ক্লাব ফুটবলের বদলে কোনো জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ইচ্ছার কথাই জানিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন