উয়েফা নেশনস লিগে রোববার রাতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্পেন। তবে ম্যাচের আগে দুই দলের আলোচনায় প্রাধান্য পাচ্ছে স্প্যানিশ ফুটবলে বর্ণবাদের বিষয়টি। এ নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন ইংল্যান্ডের কোচ টমাস টুখেল।
তার বক্তব্যের প্রতিক্রিয়ায় স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে দাবি করেছেন, দেশটিতে বর্ণবাদের কোনো অস্তিত্ব নেই।
ম্যাচের আগে টুখেল জানিয়েছিলেন, বর্ণবাদবিরোধী বিষয়ে উয়েফার নির্ধারিত নিয়ম ও করণীয় সম্পর্কে খেলোয়াড়দের সচেতন করবেন তিনি। এরপর স্প্যানিশ ফুটবলে বর্ণবাদ প্রতিরোধে আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন কি না, এমন প্রশ্নের মুখোমুখি হন দে লা ফুয়েন্তে।
জবাবে স্পেনের কোচ বলেন, ‘আমি যা বলছি, তা টমাসকেও জানাতে পারেন—স্পেনে কোনো বর্ণবাদ নেই। বিষয়টি একেবারেই পরিষ্কার। ইংল্যান্ডের মতো স্পেনেও বর্ণবাদের অস্তিত্ব নেই। আমরা কেউই বর্ণবাদী নই।’
তবে দে লা ফুয়েন্তের এমন মন্তব্যের সময় স্পেনে বর্ণবাদ নিয়ে বিতর্ক বেশ জোরালো। গত মার্চে বার্সেলোনায় মিশরের বিপক্ষে স্পেনের ম্যাচে মুসলিমদের উদ্দেশে ইসলামবিদ্বেষী ও বিদেশিবিদ্বেষী স্লোগান দেওয়া হয়েছিল। ওই ঘটনার জেরে স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে জরিমানা করে ফিফা। পাশাপাশি একটি প্রীতি ম্যাচে স্টেডিয়ামের নির্দিষ্ট অংশ বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়।
স্প্যানিশ ফুটবলে বর্ণবাদের আলোচনায় বারবার উঠে আসে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের নাম। বিভিন্ন সময়ে মাঠে ও গ্যালারিতে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন তিনি। ২০২৪ সালে ভিনিসিয়ুসকে বর্ণবাদী গালি দেওয়ার অপরাধে ভ্যালেন্সিয়ার তিন সমর্থককে আট মাসের কারাদণ্ড দেওয়া হয়।
শুক্রবার টুখেল জানিয়েছিলেন, মাদ্রিদে অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা বিবেচনায় রেখে খেলোয়াড়দের বর্ণবাদবিরোধী প্রটোকল সম্পর্কে সংক্ষেপে জানানো হতে পারে। তবে পরদিন সংবাদ সম্মেলনে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন ইংল্যান্ড কোচ।
টুখেল বলেন, ‘আমি স্পেনে বর্ণবাদ নিয়ে কোনো মন্তব্য করিনি। একটি প্রশ্নের জবাব ভদ্রভাবেই দিয়েছি। সেখানে বর্ণবাদী কোনো ঘটনার আশঙ্কা করছি না। আমাকে শুধু জানতে চাওয়া হয়েছিল, এমন কিছু ঘটলে কী ব্যবস্থা নেওয়া হবে। আমি জানিয়েছি, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় নির্দিষ্ট প্রটোকল রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমার প্রত্যাশা, ম্যাচের পরিবেশ হবে বন্ধুত্বপূর্ণ। স্প্যানিশ সমর্থকেরা নিজেদের দলকে সমর্থন করবেন। ফুটবলের কাজ মানুষকে এক করা, বিভক্ত করা নয়।’
বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন ইংল্যান্ডের মিডফিল্ডার ডেকলান রাইসও। মন্টেনেগ্রো ও বুলগেরিয়ায় খেলতে গিয়ে এমন পরিস্থিতির অভিজ্ঞতা হয়েছে তার। রাইসের মতে, আধুনিক ফুটবলে বর্ণবাদ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি বলেন, ‘২০২৬ সালে এসে ফুটবলে বর্ণবাদের কোনো জায়গা থাকার কথা নয়। অথচ এখনো এমন ঘটনা ঘটছে, যা অবিশ্বাস্য। আমাদের দলের কিংবা প্রতিপক্ষের কোনো খেলোয়াড়কে বর্ণবাদী আচরণের শিকার হতে দেখতে চাই না। এমন কিছু ঘটলে তা ফুটবলের জন্য বড় কলঙ্ক হয়ে থাকবে।’
মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে স্পেন ও ইংল্যান্ডের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে।



