Logo
Logo
×

খেলা

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএম

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। ২১ বছর পর ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নামলেও শেষ পর্যন্ত তা পূরণ হয়নি হামজা চৌধুরীদের। ম্যাচের ৮৬তম মিনিটে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করে পাকিস্তান।

এ জয়ে প্রথমবারের মতো সাফের ফাইনালে উঠেছে দলটি। আগামী মঙ্গলবার শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।

শনিবার রাজধানীর পল্টনের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে তা কাজে লাগাতে পারেনি। গোলের পথে বাধা হয়ে দাঁড়ায় পোস্টও।

দ্বিতীয়ার্ধেও দুই দলের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। তবে ম্যাচের ৮৬তম মিনিটে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের একটি ভুলে বাংলাদেশের স্বপ্ন ভেঙে যায়। তার ভুল থ্রো থেকে বল পেয়ে যান পাকিস্তানের এক খেলোয়াড়। সেখান থেকে বল পান আদিল নবি। জিদান ইউসুফকে পরাস্ত করে আদিল বল জড়িয়ে দেন বাংলাদেশের জালে।

শেষ পর্যন্ত ওই এক গোলের ব্যবধানই গড়ে দেয় পার্থক্য। পুরো ম্যাচে লড়াই করেও সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় বাংলাদেশকে। হামজা চৌধুরী, শামিত সোম, ফারহান আলি ওয়াহিদ, শুকি ও রাকিবদের নিয়ে এবার শিরোপার স্বপ্ন দেখেছিল দল। ২০০৩ সালের পর প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ২১ বছর পর ফাইনালে ওঠার লক্ষ্য ছিল তাদের। ঘরের মাঠে খেলা হওয়ায় সমর্থকদের প্রত্যাশাও ছিল বেশি। তবে সেই স্বপ্ন আর পূরণ হলো না।

ম্যাচের শেষ দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বাংলাদেশের সম্ভাব্য হার মেনে নিতে না পেরে কয়েকজন সমর্থক মাঠের দিকে বিভিন্ন রঙের আতশবাজি ছুড়ে মারেন। কয়েকটি আতশবাজি মাঠে পড়লে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় খেলার জায়গা। এতে প্রায় তিন মিনিট খেলা বন্ধ থাকে।

পরে খেলা শুরু হলে বলের নিয়ন্ত্রণ নিয়ে বাংলাদেশের বিশ্বনাথের সঙ্গে পাকিস্তানের খেলোয়াড়দের ধাক্কাধাক্কি হয়। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর কর্নারের কাছাকাছি গোলদাতা আব্দুল সামাদ শেহজাদের সঙ্গে জিদানেরও ধাক্কাধাক্কি হয়। তবে রেফারির দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অন্যদিকে, এবারের আসরে শুরুতে ভারতের কাছে ৩-২ গোলে হেরেছিল পাকিস্তান। এবার বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠায় শিরোপার লড়াইয়ে আবারও ভারতের মুখোমুখি হবে তারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন