Logo
Logo
×

খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ

ভুটানকে হারিয়ে ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম

ভুটানকে হারিয়ে ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারত

সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর এই ম্যাচে জয় তুলে নিয়ে শিরোপার মঞ্চে পা রাখল ব্লু টাইগাররা। দীর্ঘ ১৮ বছর আগে ২০০৮ সালে মালদ্বীপেও ঠিক এই ব্যবধানেই (২-১) ভুটানকে সেমিফাইনালে হারিয়েছিল ভারত, ইতিহাস যেন তারই পুনরাবৃত্তি ঘটাল।

এবারের আসরে দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে এলেও শিরোপার পথে ঠিকই এগিয়ে চলেছে ভারত। সাফে ভারতের আধিপত্য অবশ্য নতুন কিছু নয়। এবারসহ ১৫ বার অংশ নিয়ে ১৪ বারই ফাইনালে উঠেছে তারা। এর মধ্যে ৯ বার চ্যাম্পিয়ন এবং ৪ বার রানার্সআপ হয়েছে ভারত। ২০০৩ সালে হয়েছিল তৃতীয়। ২০০৯ সালে বাংলাদেশের মাটিতে অলিম্পিক দল নিয়েও চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

ভুটানের বিপক্ষে আজ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ভারত। নবম মিনিটে পিভি বিষ্ণুর গোলে এগিয়ে যায় দলটি। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার চিংলেনসানা সিং। শুরুতেই দুই গোল হজম করে কিছুটা চাপে পড়ে ভুটান। এরপর আক্রমণে মনোযোগ বাড়ালেও প্রথমার্ধে ভারতের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভারত। 

বিরতির পর অবশ্য ম্যাচে ফেরার চেষ্টা করে ভুটান। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই গোল পায় তারা। ৪৭ মিনিটে চেনচোর শট পোস্টে লেগে ফিরে এলে হেডে বল জালে পাঠান কিনজাং তাশি। শুরুতে অফসাইডের বাঁশি বাজিয়েছিলেন রেফারি মুনির আলকাতিরি। তবে ভুটানের খেলোয়াড়দের আপত্তির মুখে ভিএআরের সাহায্য নেন তিনি। ভিডিও পর্যালোচনা শেষে গোলের সিদ্ধান্ত দেন রেফারি।

এছাড়া ম্যাচের ৬৬ মিনিটে ভুটানের বিপক্ষে পেনাল্টির বাঁশি বাজলেও ভিএআর পর্যালোচনার সুবাদে সেই সিদ্ধান্ত বাতিল করে দেন রেফারি। শেষ পর্যন্ত ভুটানের আক্রমণগুলো সামলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

এই জয়ে ফাইনালে পৌঁছে গেল ব্লু টাইগাররা। শিরোপার মঞ্চে তাদের প্রতিপক্ষ কে হবে, তা নির্ধারিত হবে আজ রাতেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের ফলাফলের পর।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন